রবিবার , ০১ নভেম্বর ২০২৬
রবিবার , ০১ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › হাজারীবাগে পুলিশের টহল দলের ওপর হামলা, গ্রেপ্তার ৫

হাজারীবাগে পুলিশের টহল দলের ওপর হামলা, গ্রেপ্তার ৫

favicon
ভোরের আলো ডেস্ক:
হাজারীবাগে পুলিশের টহল দলের ওপর হামলা, গ্রেপ্তার ৫

রাজধানীর হাজারীবাগে পুলিশের টহল দলের ওপর হামলা, এক পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম এবং সরকারি পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে হাজারীবাগ থানার চর ওয়াশপুর এলাকার একটি বাড়ির ছাদে অনধিকার প্রবেশের অভিযোগ পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পায় পুলিশ। পরে হাজারীবাগ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়।


ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


**চাপাতির কোপে আহত পুলিশ সদস্য**


পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালানোর সময় অভিযুক্ত ব্যক্তিরা অতর্কিতভাবে টহল দলের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় ধারালো চাপাতি দিয়ে টহল দলের গাড়িচালক এক কনস্টেবলের ডান হাতের কবজি ও ডান কাঁধে গুরুতর আঘাত করা হয়।


একই সঙ্গে পুলিশের সরকারি পিকআপ ভ্যানের কাচ ও গাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান।


আহত কনস্টেবলকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।


**মামলায় গ্রেপ্তার পাঁচজন**


এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিল্লাল হোসেন সানি (২০), আফসানা আক্তার রিয়া (২৪), ফাতেমা আক্তার সনিয়া (৩৭), মো. রুবেল মাজি ওরফে রড রুবেল (৩০) এবং মাইদুল ইসলাম তামিম (২০)।


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।