বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিক্ষোভের মধ্যে কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে কালিয়াকৈরের চন্দ্রা, সফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ পরিস্থিতিতে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
**৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবি**
পুলিশ জানায়, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে নেমে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা দুর্ভোগে পড়েন। বিক্ষোভের সময় কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
**নিরাপত্তায় বিজিবি মোতায়েন**
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব এলাকায় দায়িত্ব পালন করছেন।