বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সাজেকে টানা সপ্তম দিনের সড়ক অবরোধ, ভোগান্তিতে পর্যটক ও স্থানীয়রা

সাজেকে টানা সপ্তম দিনের সড়ক অবরোধ, ভোগান্তিতে পর্যটক ও স্থানীয়রা

favicon
ভোরের আলো ডেস্ক:
সাজেকে টানা সপ্তম দিনের সড়ক অবরোধ, ভোগান্তিতে পর্যটক ও স্থানীয়রা

খাগড়াছড়ির সাজেকে টানা সপ্তম দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি চলছে। পাঁচ দফা দাবি আদায়ে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা এ কর্মসূচিতে ব্যাহত হচ্ছে যান চলাচল। ফলে সাজেকের সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটছে।


বুধবার (২৮ অক্টোবর) অবরোধ চলায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। একই সঙ্গে দুর্গম এলাকার বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহেও ভোগান্তি পোহাতে হচ্ছে।


অবরোধকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। এর মধ্যে গত সোমবার প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির চারটি বিষয়ে সমঝোতা হয়।


তবে সাজেক এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দিষ্ট সময়সীমা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এ কারণে বৈঠকটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।


উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২২ অক্টোবর থেকে এ অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।