ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে বাহিনীটির ২১ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
৫০ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ পারাপার রোধ এবং নির্বাচন বিঘ্নিত করতে পারে—এমন অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, ঠাকুরগাঁও পৌর শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।