সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › টঙ্গীর শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

টঙ্গীর শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

favicon
সাইফুল আলম মিরাজ
টঙ্গীর শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

গাজীপুরের টঙ্গীতে মাদরাসার এক শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগের বশে নয়, বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


রোববার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।


তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কারও জন্যই কাম্য নয়। পাশাপাশি শিক্ষকদেরও এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়, যাতে তাঁদের প্রকৃত মর্যাদা ক্ষুণ্ন হয়।


অভিযুক্ত শিক্ষকের জামিন নামঞ্জুর


এদিকে, টঙ্গীতে মাদরাসার এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার শিক্ষক মোসলেম আহম্মদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।


রোববার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন খারিজ করেন।


এর আগে গত বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত শিক্ষক মোসলেম আহম্মদকে গ্রেপ্তার করে। একই দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়। এ ঘটনায় যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।


ঘটনার সূত্রপাত যেভাবে


গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত ক্বরিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ তোলে তার পরিবার।


এ অভিযোগের পর অভিযুক্ত শিক্ষককে মারধর করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে শিশুটির পরিবার।


অন্যদিকে, শিক্ষককে মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে পাল্টা মামলা করেছে মাদরাসা কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।