সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, দৈনিক সীমা সাড়ে ৩ হাজার

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, দৈনিক সীমা সাড়ে ৩ হাজার

favicon
ভোরের আলো ডেস্ক:
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, দৈনিক সীমা সাড়ে ৩ হাজার

পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে যাতায়াত করতে পারবেন পর্যটকেরা। তবে পরিবেশ সংরক্ষণের স্বার্থে প্রতিদিন গড়ে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটকের যাতায়াতের সীমা নির্ধারণ করেছে সরকার।


রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।


অনুমোদিত জাহাজেই যাতায়াত


নির্দেশনায় বলা হয়েছে, সেন্টমার্টিনে পর্যটক পরিবহনে অনুমোদিত জাহাজ চলাচল অব্যাহত থাকবে। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযানকে দ্বীপে চলাচলের অনুমতি দিতে পারবে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর।


দিতে হবে ১০০ টাকা পরিবেশ ফি


সেন্টমার্টিনে যাওয়া প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। এ ফি আদায় এবং সংশ্লিষ্ট পরিবেশগত ব্যবস্থাপনার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পরিবেশ অধিদপ্তর।


আন্তমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত


গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


এদিকে, সেন্টমার্টিনে পর্যটক চলাচলের ক্ষেত্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা আগের নির্দেশনার অন্যান্য বিধানও বহাল থাকবে বলে জানানো হয়েছে।