বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › পছন্দের মেয়েকে বিয়ে করতে বাধা, বাবাকে হত্যার মামলায় ছেলেকে খালাস দিলেন হাইকোর্ট

পছন্দের মেয়েকে বিয়ে করতে বাধা, বাবাকে হত্যার মামলায় ছেলেকে খালাস দিলেন হাইকোর্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
পছন্দের মেয়েকে বিয়ে করতে বাধা, বাবাকে হত্যার মামলায় ছেলেকে খালাস দিলেন হাইকোর্ট

ময়মনসিংহের গফরগাঁওয়ে পছন্দের মেয়েকে বিয়ে করতে বাধা দেওয়ায় বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে শরীয়ত উল্লাহকে খালাস দিয়েছেন হাইকোর্ট।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে এ রায় দেন।


শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোস্তফা সারওয়ার এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমিন সিদ্দিকী, মীর মনিরুজ্জামান, সোলাইমান হাওলাদার ও মিজানুর রহমান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক খান।


### ২০১৯ সালে হয়েছিল মৃত্যুদণ্ড


এর আগে ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল আমিন বিপ্লব এ মামলায় শরীয়ত উল্লাহকে মৃত্যুদণ্ড দেন। পরে মামলাটি ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানির জন্য হাইকোর্টে আসে।


### যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড


মামলার বিবরণ অনুযায়ী, ২০০৫ সালের ১৩ মার্চ মধ্যরাতে গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামে নিজ বাড়িতে বাবা ইব্রাহিম খলিল উল্লাহকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শরীয়ত উল্লাহ। পছন্দের পাত্রীকে বিয়ে করতে রাজি না হওয়ায় তিনি এ ঘটনা ঘটান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।


এ সময় ছেলেকে বাধা দিতে গেলে মা নাসিমা খাতুনও কুড়ালের আঘাতে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় বাবা-মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মার্চ মারা যান ইব্রাহিম খলিল উল্লাহ।


এ ঘটনায় ১৫ মার্চ নিহতের আরেক ছেলে সাদিকুল্লাহ গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।


দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে নিম্ন আদালত শরীয়ত উল্লাহকে মৃত্যুদণ্ড দেন। তবে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট তাঁকে খালাসের রায় দেন।