রবিবার , ০১ নভেম্বর ২০২৬
রবিবার , ০১ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › গণভোটের রায় অস্বীকারের মাশুল দিতে হবে বিএনপিকে: শফিকুর রহমান

গণভোটের রায় অস্বীকারের মাশুল দিতে হবে বিএনপিকে: শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
গণভোটের রায় অস্বীকারের মাশুল দিতে হবে বিএনপিকে: শফিকুর রহমান

বিএনপি ক্ষমতায় এসেই গণভোটের রায় অস্বীকার করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের এই অপমানের মাশুল সরকারকে দিতে হবে এবং জনগণ এর প্রতিশোধ নেবে।


শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে যশোরের মুড়লীর মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। লংমার্চটি ঢাকা থেকে খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার উদ্দেশে আয়োজন করা হয়।


ডা. শফিকুর রহমান বলেন, সরকারকে সাত দফা দাবির আগে একটি দফা মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছেন তাঁরা। তাঁর ভাষায়, সাত দফার চেয়ে এক দফার গুরুত্ব বেশি। অতীতে যারা এক দফার আন্দোলনের মুখে পড়েছে, তারা আর মাথা তুলে দাঁড়াতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।


**গণভোটের রায় বাস্তবায়নের দাবি**


সরকারের উদ্দেশে জামায়াত আমির বলেন, গণভোটের গণরায় অস্বীকার করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এর জন্য সরকারকে মাশুল দিতে হবে।


তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতেই তাঁরা রাজপথে নেমেছেন। জনগণ রাজপথে নামলে দাবি আদায় না করে ফিরে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।


**যশোর থেকে ঝিনাইদহের পথে লংমার্চ**


যশোরের মুড়লীর মোড়ের পথসভা শেষে লংমার্চের গাড়িবহর ঝিনাইদহের উদ্দেশে যাত্রা করে। পথে শহরের মণিহার, বারান্দীপাড়া, শেখহাটি হাইকোর্ট মোড়, নতুন উপশহরের খাজুরা বাসস্ট্যান্ড, পালবাড়ি, চুড়ামনকাটি ও সাতমাইল অতিক্রম করে।


পরে গাড়িবহর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হয়ে গন্তব্যের দিকে এগিয়ে যায়। গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।