শনিবার , ৩১ অক্টোবর ২০২৬
শনিবার , ৩১ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › বিএনপি গণরায়কে উপহাস করছে, আরেক বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: শফিকুর রহমান

বিএনপি গণরায়কে উপহাস করছে, আরেক বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
বিএনপি গণরায়কে উপহাস করছে, আরেক বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: শফিকুর রহমান

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে গণরায়কে উপহাস করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। এ পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।


শনিবার (৩১ অক্টোবর) সকালে সাত দফা দাবিতে খুলনা থেকে কুষ্টিয়াগামী ১১ দলীয় ঐক্যের লংমার্চের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি জুলাই সনদের একটি দফাও বাস্তবায়ন করলে বিরোধী দল আপাতত আর আন্দোলন করবে না। কিন্তু জাতির সঙ্গে প্রতারণা করে গণরায়কে উপহাস করার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রতিহত করতে দেশবাসীকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।


সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও বক্তব্য দেন। তিনি বলেন, দেশে বিভিন্ন সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে সংবিধান সংস্কার না করার বিষয়টি দায়ী।


মামুনুল হক বলেন, জনগণের গণরায় বাস্তবায়নের মাধ্যমেই বিপ্লবের অর্জন নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।