বাংলাদেশে আর সন্ত্রাসের রাজনীতি হতে দেওয়া হবে না: শফিকুর রহমান
বাংলাদেশে আর কোনো সন্ত্রাসের রাজনীতি হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, এখনো অনেকে ফ্যাসিবাদকে আশকারা দিচ্ছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে কোনো ফ্যাসিবাদের হাতে ইজারা দেওয়া হবে না। অন্যায়ের কাছে মাথানত করা হবে না। যারা মানবিক রাজনীতি করবেন, তারাই দেশে রাজনীতি করতে পারবেন।
জামায়াতের নেতৃবৃন্দকে হত্যার পরিণতি আওয়ামী লীগকে ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
### সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি
জামায়াত আমিরের দাবি, গণভোটে জনগণ আমূল পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, সংবিধান নিয়ে নাড়াচাড়া করার জন্য নয়।
এ সময় অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান ডা. শফিকুর রহমান। অন্যথায় এ দাবিতে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।