৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা এনসিপির, তিন দফা দাবি
বিএনপি সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগসহ তিন দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
এনসিপির তিন দফা দাবির মধ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ কর্তৃত্ববাদী আইন বাতিল।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছে।
এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচনের পর মানুষের সমস্যা বেড়েছে। অথচ এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিএনপি সরকারকে জবাবদিহির আওতায় আনা যাচ্ছে না।