বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › ‘আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি’: গোলাম পরওয়ার

‘আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি’: গোলাম পরওয়ার

favicon
ভোরের আলো ডেস্ক:
‘আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি’: গোলাম পরওয়ার

সরকারের সিদ্ধান্ত ও পদক্ষেপের মধ্যে সমন্বয়হীনতা ও দ্বিচারিতা রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেছেন, বিএনপি সরকার আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথে হাঁটছে। সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ, জুলাই সনদ না মানা ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডকে তিনি ফ্যাসিবাদের লক্ষণ হিসেবে উল্লেখ করেন।


মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই মন্ত্রীদের বিদায় হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে বাকি সময় কী হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে অসংগতি এবং দ্বিচারিতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে বিএনপি সরকার আওয়ামী লীগের মতো ওয়াজ-মাহফিল আয়োজনেও বাধা দিচ্ছে। নির্বাচনী এলাকায় বরাদ্দ দেওয়ার ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, সরকারি দলের সংসদ সদস্যরা বরাদ্দ পেলেও বিরোধী দলের সংসদ সদস্যরা তা পাচ্ছেন না।


প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের কারণে সেখানে জামায়াতের ওয়ার্ড কমিটির একটি কর্মসূচি আয়োজন করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী যেখানে যাবেন, সেখানে কি অন্য কোনো রাজনৈতিক দল কর্মসূচি পালন করতে পারবে না?


এ ছাড়া দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার বিদ্যমান গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি সরকারের পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।