‘জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসাহাসি করছে’: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, যারা সরকারকে সহযোগিতা করবে না, তারা কীভাবে জনগণকে সহযোগিতা করবে? জামায়াতের আমিরের বিভিন্ন বক্তব্য নিয়ে মানুষ হাসি-তামাশা করছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির মাঝেমধ্যে এমন কিছু বক্তব্য দিচ্ছেন, যা নিয়ে মানুষ হাসাহাসি করছে। তিনি একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তাঁর বক্তব্যে এখনো ছাত্রলীগের বক্তব্য দেওয়ার ধরন লক্ষ করা যাচ্ছে।
এ সময় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনাও করেন রাশেদ খাঁন। দলটির উদ্দেশে তিনি বলেন, যারা একাত্তরে বাংলাদেশ চায়নি, তাদের সঙ্গে জোট করে বাংলাদেশ গঠন করা সম্ভব নয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ—এটি বারবার প্রমাণিত হয়েছে এবং ঐতিহাসিকভাবেও তা প্রতিষ্ঠিত। এই সম্প্রীতি রক্ষা করতে সরকার ও জনগণের কোনো দ্বিধা নেই।