বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › শেখ হাসিনার মতো একই ‘ভূতে’ বিএনপিকে ধরেছে: মামুনুল হক

শেখ হাসিনার মতো একই ‘ভূতে’ বিএনপিকে ধরেছে: মামুনুল হক

favicon
ভোরের আলো ডেস্ক:
শেখ হাসিনার মতো একই ‘ভূতে’ বিএনপিকে ধরেছে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, যে ‘ভূত’ একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরেছিল, একই ভূতে এখন বিএনপিকে ধরেছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হলে জেলা খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


মামুনুল হক বলেন, কায়েমি স্বার্থে বিশ্বাসী ব্যক্তিরা তরুণদের জেগে ওঠা এবং নতুন নেতৃত্বের বিকাশ সহজে মেনে নিতে পারেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিকে সেই ভূতে ধরেছে, যে ভূত একসময় শেখ হাসিনাকে ধরেছিল।


রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে খেলাফত মজলিসের আমির বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মৌলিক পরিবর্তন নিশ্চিত করা জরুরি। তা না হলে বিদ্যমান কাঠামোয় যে দলই পাঁচ বছর ক্ষমতায় থাকুক, সময়ের সঙ্গে তারাও আরেকটি হাসিনায় পরিণত হতে পারে।


তিনি আরও বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে। এ কাঠামো পরিবর্তন করা না হলে ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা থেকেই যাবে।


জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মামুনুল হক অভিযোগ করেন, সনদে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার রয়েছে। কিন্তু নিজেদের কায়েমি স্বার্থ রক্ষার জন্য বিএনপি বিচার বিভাগকে স্বাধীন হতে দিচ্ছে না বলে দাবি করেন তিনি।


সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।