সোমবার , ১২ অক্টোবর ২০২৬
সোমবার , ১২ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ বিএনপির

দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ বিএনপির

favicon
ভোরের আলো ডেস্ক:
দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ বিএনপির

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পূজামণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করারও নির্দেশ দেওয়া হয়েছে।


শনিবার (১০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


বৈঠকে পূজার সময় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয়ের জন্য ১২ সদস্যের একটি পূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়।


বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবেন।


রিজভী বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা চলছে এবং এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে। দক্ষতার সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করা হবে বলেও তিনি মন্তব্য করেন। নানা ষড়যন্ত্রের আশঙ্কা থাকলেও দেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


**অর্থনীতি, ডেঙ্গু ও মাদক নিয়েও আলোচনা**


স্থায়ী কমিটির বৈঠকে দুর্গাপূজার নিরাপত্তার পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন নেতারা।


এ ছাড়া ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা।


বৈঠকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, ফরহাদ হালিম ডোনার, ইসমাঈল জবিউল্লাহ ও আমানউল্লাহ আমানসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।