রবিবার , ১১ অক্টোবর ২০২৬
রবিবার , ১১ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › জামায়াত কখনো জাতীয় স্বার্থে রাজনীতি করেনি: রিজভী

জামায়াত কখনো জাতীয় স্বার্থে রাজনীতি করেনি: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াত কখনো জাতীয় স্বার্থে রাজনীতি করেনি: রিজভী

জামায়াতে ইসলামী কখনোই জাতীয় ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, দলটি সব সময় জাতীয় স্বার্থের চেয়ে নিজেদের দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে।


শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘কমল কুঁড়ি বিতর্ক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, ১৯৭১, ১৯৮৬ ও ২০২৪ সালেও জামায়াতের রাজনৈতিক ভূমিকার মধ্যে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রবণতা দেখা গেছে। দলটি সব সময় রাষ্ট্রীয় স্বার্থের আগে নিজেদের স্বার্থকে গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।


বিএনপির ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, বিএনপি সব সময় রাষ্ট্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র বিলুপ্ত হওয়ার পরিস্থিতি তৈরি হলে তা পুনরুদ্ধারের জন্য দলটি আত্মত্যাগ করেছে এবং রক্তক্ষয়ী আন্দোলন করেছে বলেও দাবি করেন তিনি।


রেমিট্যান্স বন্ধের হুমকি নিয়ে প্রশ্ন


রেমিট্যান্স শাটডাউনের হুমকির সমালোচনা করে রিজভী বলেন, কোনো ব্যক্তির অপরাধের মাত্রা বিবেচনা না করে একটি ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের নেতার পক্ষ থেকে রেমিট্যান্স বন্ধের কথা বলা হচ্ছে উল্লেখ করে তিনি এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।


তিনি বলেন, প্রবাসীরা স্বেচ্ছায় রেমিট্যান্স পাঠানো বন্ধ করলে সেটি ভিন্ন বিষয়। তবে বিদেশে কর্মরত সব বাংলাদেশি কি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী? প্রবাসীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক রয়েছেন। আবার অনেকে কোনো রাজনীতির সঙ্গেই যুক্ত নন।


রিজভীর প্রশ্ন, সব প্রবাসীর ওপর রেমিট্যান্স বন্ধের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা কার রয়েছে? এ ধরনের উদ্যোগ নিতে হলে তার পেছনে বৈধ আইনি ভিত্তি থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।