‘গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা’: ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে—ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের এমন বক্তব্যের প্রমাণ চেয়েছে দলটি। বক্তব্যটিকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন দাবি করে জামায়াত বলেছে, অভিযোগের পক্ষে প্রমাণ দিতে না পারলে তা প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ডিএনসিসি প্রশাসকের বক্তব্যে একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার কথা বলা হয়েছে। বক্তব্যটি মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে মনে করছে জামায়াত। দলটি এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে জনগণ তথ্যনির্ভর, দায়িত্বশীল ও শালীন বক্তব্য প্রত্যাশা করে। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার ব্যক্তিগত মালিকানা নিয়ে গুরুতর অভিযোগ তোলার আগে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা জরুরি।
তিনি আরও বলেন, গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য করা দায়িত্বশীল আচরণের পরিচায়ক নয়।
অটোরিকশা চালকদের সমস্যা বিবেচনার আহ্বান
বিবৃতিতে জামায়াতের এই নেতা বলেন, অটোরিকশা চলাচল, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালকদের জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবতা ও জনস্বার্থের আলোকে বিবেচনা করা প্রয়োজন।
এসব বিষয়ে কোনো রাজনৈতিক দলের অবস্থানের সঙ্গে দ্বিমত থাকলে যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তা খণ্ডন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। কোনো নেতার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ তুলে রাজনৈতিক বক্তব্যের জবাব দেওয়া সমীচীন নয় বলেও উল্লেখ করেন তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের ডিএনসিসি প্রশাসককে তাঁর বক্তব্যের পক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপনের আহ্বান জানান। প্রমাণ দিতে ব্যর্থ হলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানান তিনি।
যে বক্তব্য ঘিরে বিতর্ক
এর আগে গত ৫ অক্টোবর ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়ামুখী লংমার্চ উপলক্ষে ১১ দলের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার অটোরিকশা চালকদের দাবির প্রতি সমর্থন জানান।
তিনি বলেন, সরকারের উচিত চালকদের দাবিগুলো মেনে নেওয়া। একই সঙ্গে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা কাউকে উসকানি দেওয়ার সুযোগ তৈরি হয়, এমন পরিস্থিতি এড়িয়ে চলার ওপরও গুরুত্ব দেন তিনি।
অটোরিকশা চালকদের দাবির পক্ষে তাঁর ওই অবস্থান এবং ডিএনসিসি প্রশাসকের পরবর্তী বক্তব্যকে কেন্দ্র করেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।