স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে সংসদে তামাশা করেন: সাদিক কায়েম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও ব্যর্থতা জনগণের সহ্যের সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে ১৮ কোটি মানুষের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও হামলার ঘটনা অস্বীকার করে হাস্যকর মন্তব্যের মাধ্যমে নিজের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশের প্রয়োজন নেই।
রোববার (২২ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন সাদিক কায়েম।
পোস্টে তিনি উল্লেখ করেন, খাগড়াছড়িতে তার পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করে উপযুক্ত প্রমাণসহ মামলা করা হয়েছে। হামলাকারী, পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিটি অগ্নিসন্ত্রাস, হত্যাকাণ্ড, হামলা ও নৈরাজ্যের বিচার নিশ্চিত করতে হবে। জুলাইপন্থী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের পরও সরকারের নিষ্ক্রিয়তা বিস্ময়কর।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনার মতো বিশ্বাসঘাতকরাই দেশ ছেড়ে পালায়, দেশপ্রেমিকরা নয়। তারা তিতুমীর, শরিয়তউল্লাহ, ঈসা খাঁ ও শহীদ ওসমান হাদির সংগ্রামের উত্তরসূরি। এ ধরনের কাপুরুষোচিত হামলা তাদের মনোবল আরও দৃঢ় করেছে।
তিনি আরও বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম দ্বিগুণ শক্তিতে চলবে। দেশের মাটি থেকে আওয়ামী লীগের সন্ত্রাস ও আধিপত্যবাদের রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি উৎখাত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির নয়নপুরে অবস্থিত বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।
এ ঘটনায় রোববার বিকেলে তার বাবা মোহাম্মদ আবুল কাশেম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন।