রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › জাতির প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবার আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির

জাতির প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবার আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতির প্রয়োজনে জুলাই যোদ্ধারা আবার আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির

ফ্যাসিবাদের পতনে শিশু থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ—সব বয়সের মানুষ পথে নেমে এসেছিল। জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


জামায়াত আমির বলেন, দেশজুড়ে চলমান সন্ত্রাস ও নৈরাজ্য অচিরেই শেষ হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে যখন সরকারি ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা ছিল, তখনও তারা দেশে থাকতে পারেনি। এখন আবার দেশে ফিরতে চায়। সেটা সম্ভব কি না, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, দেশে ফিরতে চাইলে আগে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কেন?


তিনি আরও বলেন, দেশের মানুষকে নির্বিচারে গুম ও হত্যা করার সময় আওয়ামী লীগের ভালো লোকেরা কেন কথা বলেননি? অথচ এখন অনেকে ভালো আওয়ামী লীগ সাজার চেষ্টা করছেন। জাতি তাদের ভালোভাবে চিনে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


গণভোটের ‘হ্যাঁ’ রায় বাস্তবায়নের বিষয়ে জামায়াত আমির বলেন, সরকার এ বিষয়ে অবস্থান থেকে সরে এসেছে। তবে বিরোধী দল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। জনগণের দেওয়া ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন তিনি।


প্রবাসীদের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশের জন্য গর্বের। কিন্তু দেশে ফেরার সময় তাদের পদে পদে যে দুর্ভোগ পোহাতে হয়, তা জাতির জন্য লজ্জার বিষয়।


জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে তিনি বলেন, জামায়াত কখনো এ আন্দোলনের কৃতিত্ব দাবি করেনি। অনেকেই আন্দোলনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। তবে কেউ কল্পনাও করেননি যে এভাবে সরকারের পতন হতে পারে।