‘আন্দোলন বেগবান করতে শেখ হাসিনার একটি লাশ প্রয়োজন’
আন্দোলনকে আরও বেগবান করতে শেখ হাসিনার একটি লাশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার রক্ততৃষ্ণা এখনও মেটেনি। চৌদ্দশ শিশু-কিশোরকে হত্যা করে ক্ষমতায় টিকতে না পেরে তিনি পালিয়ে গেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একাধিক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশে অবস্থান করেও তাদের রক্ততৃষ্ণা আবার জেগে উঠেছে। সেই রক্ততৃষ্ণা মেটাতে একের পর এক পুলিশের গাড়ি ও মানুষের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে এবং মানুষ হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছেন বলেও দাবি করেন রিজভী।
তিনি বলেন, যারা বেআইনি কর্মকাণ্ডে জড়িত, আইন প্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আদালতের মাধ্যমে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা রাজপথ, গলিপথ, মেঠোপথ কোনোটাই ছাড়ব না। জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্ত পঞ্চম বাহিনীকে চিহ্নিত করব।’
এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।