নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ
নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আগামী শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে দলমতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ মোকাবিলার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির কথা জানান।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের ব্যর্থতার কারণেই পরাজিত ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টির দুঃসাহস দেখাচ্ছে। সরকার গণভোটের গণরায় মেনে নিলে এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ এ ধরনের পরিস্থিতি তৈরির সাহস পেত না বলেও মন্তব্য করেন তিনি।
প্রশাসনের একটি অংশের সহযোগিতায় এসব অরাজকতা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তাঁর দাবি, গোপালগঞ্জের আশপাশের জেলাগুলোতে সরকারের নিয়ন্ত্রণ নেই।
এ সময় সরকারকে সহযোগিতা করতে বিরোধী দল প্রস্তুত রয়েছে বলে জানান গোলাম পরওয়ার। পাশাপাশি ডিসেম্বরজুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।