কয়েকটি ককটেল বিস্ফোরণে গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না: রিজভী
গণতন্ত্রের যে পথচলা শুরু হয়েছে, কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা গাড়িতে আগুন দিয়ে তা রুদ্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্তপিপাসু। জুলাইয়ে তিনি তাজা রক্ত ঝরিয়েছেন এবং ১ হাজার ৪০০ শিশুকে হত্যা করিয়েছেন। রক্তপিপাসু স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তার রক্তের নেশা এখনো মেটেনি। ১ হাজার ৪০০ মানুষ হত্যার পরও কোনো অনুশোচনা নেই। বিভিন্ন বার্তা ও অডিও বার্তার মাধ্যমে হত্যা এবং জ্বালাও-পোড়াওয়ের নির্দেশ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনে করছে, রক্ত ঝরিয়ে আবার ক্ষমতায় ফিরে আসবে, ব্যাংক লুট করবে এবং জমিজমা দখল করবে। লুটপাটের স্বর্গরাজ্যে ফিরে যাওয়ার জন্য তারা রক্তাক্ত পথ বেছে নিচ্ছে।
রিজভীর ভাষ্য, কোনো অন্যায্য সরকার কখনো নির্বাচিত সরকারকে পরাস্ত করে আবার ফিরে আসতে পারবে না।
১৯৭১ সালে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা সুরক্ষিত হয়েছে। এ বিপ্লবের মধ্য দিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে।