লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলার নিন্দা জানালেন নাহিদ ইসলাম
গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
পোস্টে তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।
নাহিদ ইসলাম জানান, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন। তাঁরা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পোস্টে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস প্রত্যক্ষ করেছে। তাঁর অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। এ ধরনের ঘটনা প্রবাসীদের নিরাপত্তার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।
তিনি বলেন, যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।
এ পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকারের প্রতি দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দেশটির গণতান্ত্রিক পরিসর ব্যবহার করে সহিংসতামূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।