গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার
গোপালগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল, বিভিন্ন কর্মসূচি এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানে সাতটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানসংক্রান্ত তথ্যে বলা হয়েছে, জব্দ করা মোবাইল ফোনগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
জানা গেছে, ১৪ জনকে গ্রেফতারের লক্ষ্যে জেলার ১৫টির বেশি স্থানে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রাম থেকে ফারুক মোল্লা ও অসিকুল সরদারকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় শফিউল আলম ও কাইয়ুম শেখকে।
গ্রেফতার ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং অসিকুল সরদার একই ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তাদের বিরুদ্ধে সম্প্রতি গোপালগঞ্জে ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ ছাড়া ফারুক মোল্লার বিরুদ্ধে মিছিল-সমাবেশে অংশ নিতে ইউনিয়ন থেকে নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগ আনা হয়েছে। অসিকুল সরদারের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি আয়োজনের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, শফিউল আলম ও কাইয়ুম শেখের বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উসকানি দেওয়া, সংগঠিত করা এবং আয়োজনের অভিযোগ রয়েছে। তাদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।