বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন, ব্যাখ্যা দিল জামায়াত

আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন, ব্যাখ্যা দিল জামায়াত

favicon
ভোরের আলো ডেস্ক:
আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন, ব্যাখ্যা দিল জামায়াত

আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতা ও নাশকতার ঘটনায় জামায়াতের দৃশ্যমান রাজনৈতিক পদক্ষেপ না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে চাইলে সরকার সেই সুযোগ দিচ্ছে না। তবে সরকার সহযোগিতা চাইলে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জাতীয় স্বার্থে মাঠে থাকবে জামায়াত।


মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস তৎপরতা ও নাশকতার অভিযোগ সামনে এসেছে। গোপালগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয় এবং বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিএনপি নেতাদের প্রকাশ্যে মারধরের অভিযোগও রয়েছে। অন্যদিকে, জুলাই আন্দোলনের সম্মুখসারির এনসিপি নেতারাও নিয়মিত হত্যা ও হামলার হুমকি পাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি পালন করছে বিএনপি। প্রতিরোধের ডাক দিয়েছে এনসিপিও। তবে জামায়াতের দৃশ্যমান কোনো কর্মসূচি বা রাজনৈতিক অবস্থান না থাকায় দলটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।


জবাবে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বিচার দৃশ্যমান হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ভিত্তি তৈরি হতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। সরকার সহযোগিতা চাইলে কিংবা ব্যর্থ হলে জাতীয় স্বার্থে জামায়াত মাঠে থাকবে।


সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, শুরু থেকেই বিষয়গুলো কঠোর হাতে দমন করা হয়নি। এটি সরকারের চরম ব্যর্থতা। এর দায় এখন পুরো জাতিকে বহন করতে হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ সরকারের যথেষ্ট পদক্ষেপ দৃশ্যমান নয়।


আওয়ামী লীগের বিষয়ে জামায়াতের অবস্থান অস্পষ্ট—এমন অভিযোগও রয়েছে বিএনপির বিভিন্ন নেতার। এমনকি আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন সমঝোতার অভিযোগও তোলা হয়েছে। তবে জামায়াতের দাবি, বরং সরকারই পতিত শক্তির সঙ্গে সমঝোতা করেছে।


এ অভিযোগের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, আওয়ামী লীগের হাতে জামায়াতের পাঁচজন নেতার ফাঁসি হয়েছে। অসংখ্য নেতা কারাবন্দি অবস্থায় মারা গেছেন। দলের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন এবং আন্দোলনে জীবন দিয়েছেন। এমন একটি দলের সঙ্গে জামায়াত আঁতাত করবে—এমন অভিযোগ ভিত্তিহীন।


এদিকে, আওয়ামী লীগের সহিংস তৎপরতা মোকাবিলায় মহানগর পর্যায়ে দলীয় প্রস্তুতির কথাও জানিয়েছে জামায়াত। ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরের নেতারা বলছেন, সন্ত্রাসের বিরুদ্ধে ওয়ার্ড ও শাখা কমিটিগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


ঢাকা মহানগর জামায়াতের উত্তরের মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কোনো ফ্যাসিবাদী চক্র রাষ্ট্র ও আইনি কর্তৃত্বকে চ্যালেঞ্জ করলে তাদের ছাড় দেওয়া হবে না। সরকার ব্যর্থ হলে জনগণের নিরাপত্তার প্রশ্নে জামায়াত আপস করবে না।


ঢাকা মহানগর জামায়াতের দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকার যখন পরিস্থিতি সামাল দিতে পারবে না, তখন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ঘোষণার আলোকে প্রয়োজনীয় কর্মসূচি নেওয়া হবে।


রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা ও নাশকতা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে জামায়াতের অবস্থান হলো, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।