রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › প্রবাসে অর্জিত জ্ঞান-অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: শফিকুর রহমান

প্রবাসে অর্জিত জ্ঞান-অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রবাসে অর্জিত জ্ঞান-অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: শফিকুর রহমান

প্রবাসে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা নিজ দেশের উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


শনিবার (২১ নভেম্বর) অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তির উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


জামায়াত আমির বলেন, একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুন না কেন, সর্বাবস্থায় তার ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। একই সঙ্গে যে দেশে বসবাস করবেন, সে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।


তিনি বলেন, প্রবাসীরা শুধু নিজেদের কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না; বরং অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করবেন। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।


শফিকুর রহমান আরও বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা অটুট রাখতে হবে। নিজেদের পেশাগত দক্ষতা, সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমর্যাদা তুলে ধরতে হবে। পাশাপাশি দেশের মানুষের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে হবে।


তিনি বলেন, প্রবাসীরা তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দেশের উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারের কাজে কীভাবে কার্যকরভাবে কাজে লাগাতে পারেন, সে বিষয়ে আরও উদ্যোগী হওয়া প্রয়োজন।