উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি
বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ডে উসকানি দিয়ে ভারত পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ধরনের কর্মকাণ্ড ও ভারতীয় নেতাদের উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
সোমবার (২৩ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া বর্ণনা তৈরি করে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।
বিবৃতিতে সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদারের বক্তব্যের উল্লেখ করে বলা হয়, তিনি বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন। পাশাপাশি শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবেন বলেও দাবি করেছেন। বাংলাদেশের গণঅভ্যুত্থানকে বিদেশি শক্তির ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করার পাশাপাশি দেশের নির্বাচিত সরকারকে অবৈধ বলেও মন্তব্য করেছেন তিনি।
এনসিপির দাবি, ভারতের প্রত্যক্ষ মদদ বা ‘গ্রিন সিগন্যাল’ পেয়েই ওই বিধায়ক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস দেখিয়েছেন।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়ে তা ভারতের কাছে তুলে ধরছে, যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়। এসব কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ, গণতান্ত্রিক প্রক্রিয়া ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।
এনসিপি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানায়, বাংলাদেশের মুক্তিকামী ও সার্বভৌমত্বকামী জনগণ অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে সব বহিরাগত হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করবে।
একই সঙ্গে সরকারের কাছে জোরালো দাবি জানিয়ে দলটি বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় যেন অবিলম্বে এ ঘটনায় কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় এবং আন্তর্জাতিক মহলে ভারতের হস্তক্ষেপমূলক ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতা তুলে ধরে।