দিল্লির গ্রিন সিগন্যাল ছাড়া পেট্রাপোলে আওয়ামী লীগ নেতাদের বৈঠক কীভাবে: রিজভী
ভারতের প্রত্যক্ষ সমর্থন ছাড়া পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতারা কীভাবে বৈঠক করছেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দিল্লির গ্রিন সিগন্যাল ছাড়া পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতাদের বৈঠক কীভাবে সম্ভব? এ সময় বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান তিনি। একই সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশে কোনো জায়গা হবে না বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। ক্ষমতায় ফিরে আসতে আওয়ামী লীগ রক্ত ঝরানোর রাজনীতি করছে। পাচার করা অর্থ দিয়ে নেতাকর্মীদের মাধ্যমে দেশজুড়ে অগ্নিসন্ত্রাস চালানো হচ্ছে।
রিজভীর অভিযোগ, পলাতক আওয়ামী লীগ নেতারা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করছেন।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক নীতিতেই সরকার আওয়ামী লীগের তাণ্ডব মোকাবিলা করছে। ফ্যাসিস্টরা জনগণের বুকে গুলি চালায়, আর বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।