প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক দেখছে বিরোধী দল: শফিকুর রহমান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধী দল। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে অস্ট্রেলিয়া সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী দেশের কথা বিবেচনা করেই সংলাপের উদ্যোগ নিয়েছেন। তবে এই সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দলটির নির্যাতনে অতিষ্ঠ হয়ে দেশের যুবসমাজ তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।
তিনি আরও বলেন, দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।
প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন জামায়াত আমির।