‘আমার নামে একটি রিকশা আছে, প্রমাণ দিন’: গোলাম পরওয়ার
নিজের নামে ৭০০–৮০০টি রিকশা থাকার অভিযোগ অস্বীকার করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তিনি তা মেনে নেবেন।
শুক্রবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের বক্তব্যের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।
গোলাম পরওয়ারের অভিযোগ, রাজনৈতিক আদর্শ ও নৈতিকতার মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। কয়েক দিন ধরে ভুয়া ফটোকার্ড ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে তাঁকে ৭০০–৮০০টি রিকশার মালিক হিসেবে তুলে ধরা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, প্রথমে এ ধরনের প্রচারণার বিষয়ে কিছু বলতে চাননি। কিন্তু সিটি করপোরেশনের প্রশাসকও একই ধরনের বক্তব্য দেওয়ায় তাঁকে প্রতিক্রিয়া জানাতে হয়েছে।
জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানেও এসব অসত্য তথ্য নিয়ে আলোচনা করছেন। তাঁর মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে হলে যুক্তি, আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে করা উচিত, মিথ্যা অভিযোগের মাধ্যমে নয়।
একটি রিকশার প্রমাণ চ্যালেঞ্জ
গোলাম পরওয়ার বলেন, ৭০০–৮০০টি রিকশার মালিক হওয়ার অভিযোগ তো দূরের কথা, বাংলাদেশের যেকোনো জায়গায় তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও সেটিই যথেষ্ট হবে।
তিনি প্রশ্ন তোলেন, সরকারের বিভিন্ন সংস্থা ও বিভাগ থাকা সত্ত্বেও তাঁর নামে একটি রিকশারও সন্ধান দেওয়া সম্ভব হয়নি কেন। তাঁর দাবি, প্রমাণ ছাড়াই এ ধরনের অভিযোগ ও গল্প প্রচার করা হচ্ছে।
এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক বিরোধিতা রাজনীতির মাধ্যমেই মোকাবিলা করা উচিত। মিথ্যাচার ও বক্তব্যের শালীনতার অবনতি দেশের ভবিষ্যৎ প্রজন্ম এবং সুস্থ রাজনৈতিক চর্চার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে।
ভুয়া তথ্য ছড়ানো বন্ধের আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ও ফটোকার্ড ব্যবহার করে তাঁর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক নেতার বিরুদ্ধেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার।
তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই করে দেখার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ করেন।
গোলাম পরওয়ারের মতে, অসত্য প্রচার ও হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সত্যনিষ্ঠ সাংবাদিক এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন অটোরিকশা চালকদের দাবি নিয়ে আলোচনার প্রসঙ্গে এক নেতার ৭০০টি অটোরিকশা থাকার কথা বলেছিলেন। ওই বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। পরে জামায়াত এ বক্তব্যের প্রমাণ চেয়ে তা প্রত্যাহার ও জনসমক্ষে দুঃখ প্রকাশের আহ্বান জানায়।