মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকাম: আয়াসের পেছনে জামায়াত নেতার উপদেষ্টা, দাবি রাশেদ খাঁনের

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকাম: আয়াসের পেছনে জামায়াত নেতার উপদেষ্টা, দাবি রাশেদ খাঁনের

favicon
ভোরের আলো ডেস্ক:
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকাম: আয়াসের পেছনে জামায়াত নেতার উপদেষ্টা, দাবি রাশেদ খাঁনের

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকাম দেওয়ার ঘটনায় অভিযুক্ত আয়াসের পেছনে জামায়াতে ইসলামীর আমিরের উপদেষ্টা রয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, এ ঘটনায় অভিযুক্ত আয়াসকে আর্থিক সহায়তা দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির।


রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।


পোস্টে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর—এমন বক্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী প্রতিবাদ করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকাম দেওয়ার ঘটনায় অভিযুক্ত আয়াসের পক্ষে জামায়াত অবস্থান নিয়েছে।


আয়াসের পরিচয় তুলে ধরে রাশেদ খাঁন দাবি করেন, ময়মনসিংহের উজ্জ্বল নামের এক ব্যক্তি ঢাকায় এসে নিজের নাম, চুলের ধরন ও চেহারায় কিছু পরিবর্তন এনে আয়াস নামে পরিচিত হয়েছেন। তার বিরুদ্ধে প্রতারণার মামলাও রয়েছে এবং মামলাটি এখনো বিচারাধীন বলে দাবি করেন তিনি।


রাশেদ খাঁন আরও বলেন, রোববার প্রিজন ভ্যান থেকে আয়াস তার হোয়াটসঅ্যাপে লগইন করে সব তথ্য মুছে ফেলার কথা বলেছেন। তার হোয়াটসঅ্যাপে কী তথ্য রয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বিরুদ্ধে অভিযোগ করে রাশেদ খাঁন বলেন, রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকাম দেওয়ার জন্য আয়াসকে অর্থ দেওয়া হয়েছিল। জুলাইয়ের নামে পরিচালিত বিভিন্ন বিতর্কিত সংগঠন ও কর্মকাণ্ডে অর্থ ও পরামর্শ দিয়ে পৃষ্ঠপোষকতা করার অভিযোগও তিনি শাহরিয়ার কবিরের বিরুদ্ধে তোলেন।


রাশেদ খাঁনের দাবি, শাহরিয়ার কবিরকে রক্ষা করতেই আয়াসকে হোয়াটসঅ্যাপের তথ্য মুছে ফেলতে বলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।