শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › কুমিল্লা মহানগর জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দিল কেন্দ্র

কুমিল্লা মহানগর জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দিল কেন্দ্র

favicon
ভোরের আলো ডেস্ক:
কুমিল্লা মহানগর জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দিল কেন্দ্র

কুমিল্লায় জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার দুই দিনের মাথায় কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে ঘটনাটি তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।


শুক্রবার (১৬ অক্টোবর) জামায়াতে ইসলামীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে।


এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরী জামায়াতের কার্যক্রম পরিচালিত হবে। এ দায়িত্ব দেওয়া হয়েছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে। কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটির পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এদিকে, গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে সংঘটিত ঘটনার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।