মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

favicon
ভোরের আলো ডেস্ক:
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামানকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।


সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন এলিজা জামান। পিরোজপুর, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলা নিয়ে গঠিত এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাইলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি তিনি।


মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তাঁর পদত্যাগের পর আসনটিতে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।


নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এ উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য গত ১৬ অক্টোবর মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। দলীয় সূত্রে জানা যায়, ৭০ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাঁদের মধ্যে ৬৮ জন আবেদন জমা দেন।


মনোনয়ন পাওয়া এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি তিনি পিরোজপুর জেলা বিএনপি ও কেন্দ্রীয় মহিলা দলের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাবা সরদার সুলতান মাহমুদ সাবেক সংসদ সদস্য ছিলেন।