সোমবার , ০২ নভেম্বর ২০২৬
সোমবার , ০২ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ঘূর্ণিঝড় ‘মুরাসু’র শক্তি বৃদ্ধি, ভারতের পাঁচ জেলায় রেড অ্যালার্ট

ঘূর্ণিঝড় ‘মুরাসু’র শক্তি বৃদ্ধি, ভারতের পাঁচ জেলায় রেড অ্যালার্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
ঘূর্ণিঝড় ‘মুরাসু’র শক্তি বৃদ্ধি, ভারতের পাঁচ জেলায় রেড অ্যালার্ট

দ্রুত শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। এটি ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজ্যের মধ্য ও দক্ষিণ উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় আগামী ২ নভেম্বর অন্ধ্র প্রদেশের পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। জেলাগুলো হলো—কৃষ্ণা, গুন্টুর, বাপটলা, প্রকাশম ও এসপিএসআর নেল্লোর। এসব এলাকায় অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।


**ভারী বৃষ্টির পূর্বাভাস**


আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২ ও ৩ নভেম্বর অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চল, রায়ালসীমা এবং তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকা ও ইয়ানামের কিছু স্থানে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।


**ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা**


ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২ ও ৩ নভেম্বর উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।


এদিকে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল এক বার্তায় জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মুরাসু’ দ্রুত শক্তি সঞ্চয় করছে। এটি রাতের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।