কূটনীতির প্রত্যাশা, তবে আত্মরক্ষায়ও প্রস্তুত ইরান
কূটনৈতিক সমাধানের ব্যাপারে আশাবাদী হলেও দেশের আত্মরক্ষায় প্রস্তুত রয়েছে ইরান। এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (১ নভেম্বর) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আব্বাস আরাঘচি জানান, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে ওয়াশিংটনের প্রতিক্রিয়ার ওপর। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তের বিষয়ে তেহরান এখনো জবাবের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে শনিবার ইরানের একটি প্রতিনিধি দল কাতারে গেছে। তবে এখন পর্যন্ত আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র যৌক্তিক অবস্থান থেকে কূটনীতির পথ বেছে নেবে বলে তেহরান আশা করছে। আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান সম্ভব হলে ইরান সেই পথেই এগোতে আগ্রহী। তবে একই সঙ্গে দেশের নিরাপত্তা ও আত্মরক্ষার প্রস্তুতিও বজায় রাখা হবে।