সোমবার , ০২ নভেম্বর ২০২৬
সোমবার , ০২ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ট্রাম্পের রিসোর্টের কাছে বিধ্বস্ত প্রাইভেট জেট, নিহত ৯ আরোহী

ট্রাম্পের রিসোর্টের কাছে বিধ্বস্ত প্রাইভেট জেট, নিহত ৯ আরোহী

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের রিসোর্টের কাছে বিধ্বস্ত প্রাইভেট জেট, নিহত ৯ আরোহী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের কাছাকাছি একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় বিমানটির পাইলটসহ নয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাটিতে থাকা কেউ হতাহত হননি।


প্রাথমিক তথ্য অনুযায়ী, লিয়ারজেট ৬০ মডেলের বিজনেস জেটটি আকাশে উড্ডয়নের পর একাধিক সমস্যার মুখে পড়ে। একপর্যায়ে বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। প্রথমে ১০ হাজার, পরে ২০ হাজার এবং শেষ মুহূর্তে প্রতি মিনিটে প্রায় ৩০ হাজার ফুট উচ্চতা হারিয়ে ভূপৃষ্ঠে আছড়ে পড়ে বিমানটি। গাড়ির ড্যাশক্যামে দুর্ঘটনার পুরো দৃশ্য ধারণ হয়েছে।


স্থানীয় সময় দুপুর ১টার দিকে ওয়েস্ট পাম বিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টেক্সাস থেকে উড্ডয়ন করে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল ফ্লাইট এন৭২২বিডি। মাঝ-আকাশে তীব্র টারবুলেন্সসহ প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ে বিমানটি।


বিমানটির বিভিন্ন অংশে বরফ জমে যাওয়ার বিষয়েও এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। পরবর্তী সময়ে আরও উচ্চতায় ওঠার চেষ্টা করতে গিয়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে ধাবিত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।


ফ্লোরিডার গভর্নর রন দেসান্তিস এ ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিমানটি নিচে আছড়ে পড়ার দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন কোনো ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠে আঘাত হেনেছে। দুর্ঘটনাস্থলে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে, যা বেশ বড় একটি এলাকা জুড়ে বিস্তৃত। এ বিষয়ে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।


দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। পাশাপাশি বিমান চলাচলসংক্রান্ত কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখছে।


উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ফ্লোরিডায় ঝড়-বৃষ্টিপ্রবণ আবহাওয়া বিরাজ করছে। দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট এলাকাতেও বজ্রপাত ও ঝড়ের খবর পাওয়া যায়। দুর্ঘটনার দিন সকালে ফ্লোরিডায় অবস্থান করলেও বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় এক ঘণ্টা আগে রাজ্যটি ত্যাগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।