মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান নির্বাহী এম শামসুর রহমানের সাত ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান নির্বাহী এম শামসুর রহমানের সাত ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান নির্বাহী এম শামসুর রহমানের সাত ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।


সোমবার (২ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এম শামসুর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগও রয়েছে।


আবেদনে আরও উল্লেখ করা হয়, এসব অভিযোগের সঙ্গে পরবর্তী সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারসংক্রান্ত একটি অভিযোগ যুক্ত করা হয়। অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে তাঁর নামে থাকা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়।


দুদকের আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের চেষ্টা করছেন। এ অবস্থায় হিসাবগুলো অবরুদ্ধ করা না হলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে অভিযোগপত্র দাখিল এবং বিচার শেষে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।


এ কারণে সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে এম শামসুর রহমান এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে দুদক।