সোমবার , ০২ নভেম্বর ২০২৬
সোমবার , ০২ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, দিশার ৪ দিনের রিমান্ড

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, দিশার ৪ দিনের রিমান্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, দিশার ৪ দিনের রিমান্ড

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া এই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।


রোববার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে শনিবার রাতে দিশাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরে রোববার নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।


সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে


পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে একটি মোটরসাইকেলে দিশাকে নিয়ে উত্তরার একটি ভবনের সামনে থামেন তাহসিফ সৌরি। এ সময় আরেকটি মোটরসাইকেলে হেলমেট পরা অবস্থায় ছিলেন তাঁর বন্ধু শাহরিয়ার দীপ।


ওই ভবনে একটি বিপণিবিতানের পাশাপাশি ‘নেস্টা’ নামে একটি বার রয়েছে। রাত ১২টার কিছু আগে তিনজনই ভবনের লিফট দিয়ে নিচে নেমে ওই এলাকা ত্যাগ করেন বলে জানিয়েছে পুলিশ।


হত্যা মামলায় গ্রেপ্তার দিশা ও দীপ


তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাঁর বাবা কেএম এনায়েতুল করিম। ওই মামলায় দিশাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


এর আগে শনিবার একই মামলায় তাহসিফের বন্ধু শাহরিয়ার দীপকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁরও চার দিনের রিমান্ড চলছে।


নিখোঁজের পর উদ্ধার হয় মরদেহ


গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজ হন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।


তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।