ইসিবি চত্বরে প্রকল্প ভাঙচুরের মামলায় সংসদ সদস্যের জামাতার জামিন
রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্পে ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমান জামিন পেয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মারুফ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে আসামিপক্ষে আইনজীবী সৈকত হোসেন জামিনের আবেদন করেন। অন্যদিকে, বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। তবে রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
শুনানি শেষে আদালত দুই হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরদিন ২৯ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে ১ অক্টোবর আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৭ অক্টোবর রিমান্ড শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন।