সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › আইন ও আদালত › সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন

favicon
ভোরের আলো ডেস্ক:
সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন

চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন কনটেন্ট নির্মাতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তাঁর অভিযোগ, অভিযুক্তরা তাঁর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।


সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে এ আবেদন করেন তিনি।


মামলার অন্য দুই অভিযুক্ত হলেন হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিম (৩০) ও মো. মহিদুল ইসলাম (২৮)।


হিরো আলমের আইনজীবী শান্তা সাকছিনা জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


আবেদনে বলা হয়, হিরো আলমের সাবেক স্ত্রী সাথী খাতুন তাঁর কাছে এসে মিউজিক ভিডিওতে কাজের সুযোগ চান। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাঁকে অর্থ দেন হিরো আলম।


অভিযোগ অনুযায়ী, গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা তিনি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।


এতে আরও বলা হয়, গত ২২ আগস্ট ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পর সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার জন্য আরও দুই লাখ টাকা দাবি করেন। পরে গত ২৯ সেপ্টেম্বর তাঁকে তালাক দেওয়ার পর তিন অভিযুক্ত মিলে হিরো আলমের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।


আবেদনে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলম ও তাঁর পরিবারের সদস্যদের গালাগাল করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।


এ ঘটনায় গত ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম। তাঁর অভিযোগ, গত ১২ অক্টোবর অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে তাঁর জন্মদিনের অনুষ্ঠানে জনসমক্ষে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিষ পান করার এবং তাঁকে জেলে পাঠানোর হুমকি দেন।


তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।