১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু
জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা হাসানুল হক ইনু।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আপিল করেন তিনি।
এর আগে, হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তাদের দাবি, ছাত্র-জনতার আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় একমত হয়ে হত্যাকাণ্ডে উসকানি ও ষড়যন্ত্র করেছিলেন ইনু। এসব অপরাধের তুলনায় তাঁকে দেওয়া সাজা অপর্যাপ্ত বলেও দাবি করেছে প্রসিকিউশন।
অন্যদিকে, ইনুর আইনজীবীদের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না। এ যুক্তিতে তাঁরা আদালতের কাছে তাঁকে দেওয়া সাজা বাতিল করে খালাস দেওয়ার আবেদন জানিয়েছেন।
একই মামলায় একদিকে প্রসিকিউশন ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে, অন্যদিকে তাঁর পক্ষ থেকে সম্পূর্ণ খালাসের আবেদন করা হয়েছে। আপিল বিভাগে এ দুই আবেদনের নিষ্পত্তির মধ্য দিয়ে মামলার পরবর্তী আইনি অগ্রগতি নির্ধারিত হবে।