বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › আইন ও আদালত › নুসরাত হত্যা মামলায় ৪ আসামির সাজা বাতিল চেয়ে আপিল

নুসরাত হত্যা মামলায় ৪ আসামির সাজা বাতিল চেয়ে আপিল

favicon
ভোরের আলো ডেস্ক:
নুসরাত হত্যা মামলায় ৪ আসামির সাজা বাতিল চেয়ে আপিল

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া সাজার বিরুদ্ধে আপিল করেছেন সিরাজ-উদ-দৌলাসহ চার আসামি।


বুধবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে আপিল দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।


আইনজীবী বলেন, নিম্ন আদালতের রায়ে ত্রুটি ছিল বলে হাইকোর্ট তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। তবে এরপরও কয়েকজন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।


শিশির মনির আরও বলেন, মামলার ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। এছাড়া নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দিতেও কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে আপিলের মাধ্যমে আসামিরা সাজা থেকে খালাস পাবেন বলে তারা প্রত্যাশা করছেন।


এর আগে গত ২৪ আগস্ট নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হয়। রায়ে সিরাজ-উদ-দৌলাসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। একই সঙ্গে চার আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।


এ ছাড়া রায়ে ১০ আসামিকে খালাস দেওয়া হয়। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট এই রায় ঘোষণা করেন।