কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সিফাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মোহাম্মদ সিফাত আব্দুল্লাহ জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল।
তিনি জানান, বুধবার বিকেলে সিফাতের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে সেগুলো যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়।
এর আগে গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মহানগরীর গাছা এলাকার নিজ বাসা থেকে সিফাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. রাকিবুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতেও দ্বিতীয় দফায় জামিন আবেদন খারিজ হয়।
দুই দফায় নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর সিফাতের আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি শেষে উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। সেই আদেশের পর প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছালে বুধবার রাতে তিনি মুক্তি পান।