শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় তার নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টিও উঠে এসেছে। ঘটনার সময় ঘটনাস্থলে সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন উপস্থিত ছিলেন।
আদালত আরও উল্লেখ করেন, সোহেল রানার দায় স্বীকার করে দেওয়া জবানবন্দি আইন অনুযায়ী স্বেচ্ছায় গ্রহণ করা হয়েছিল।
এদিন সকালে হাইকোর্টে উপস্থিত হয়ে রামিসার বাবা দুই আসামিরই মৃত্যুদণ্ড বহাল রাখার দাবি জানান। এ সময় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল তাকে আশ্বস্ত করেন, আদালতের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
এর আগে সোমবার এক দিনেই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের দাবি ছিল, স্বপ্না খাতুন পুরো ঘটনা সম্পর্কে অবগত ছিলেন। এ কারণে তিনি স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। ফলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তিনি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার ১৯ দিনের মাথায়, গত ৭ জুন বিচারিক আদালত এ মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
পরে ১০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। মঙ্গলবারের রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও তার স্ত্রী স্বপ্না খাতুন খালাস পেয়েছেন।