বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › সাঈদ খোকনের প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল, ছোড়া হলো ডিম

সাঈদ খোকনের প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল, ছোড়া হলো ডিম

favicon
ভোরের আলো ডেস্ক:
সাঈদ খোকনের প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল, ছোড়া হলো ডিম

রাজধানীর ধানমণ্ডি থানার কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে বহনকারী প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।


সাঈদ খোকনকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে সেখানে কয়েকটি মবের ঘটনা ঘটে। আইনজীবী ও সাংবাদিকসহ কয়েকজন এর শিকার হন। তাঁদের মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগকে মারধর করা হয়েছে। এ ছাড়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হাতে আরও অন্তত চারজন মবের শিকার হয়েছেন।


সাঈদ খোকনকে প্রিজনভ্যান থেকে নামানোর সময় ছবি ও ভিডিও করতে যান দৈনিক ‘আগামীর সময়’-এর প্রতিবেদক মাসুদ রানা। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাঁকে ‘ফ্যাসিস্টের সহযোগী, আওয়ামী লীগের দালালি করতে এসেছে’ বলে হেনস্তা করেন।


এ ছাড়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপিপন্থী আইনজীবীদেরও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।


সকাল থেকে আদালতপাড়ায় জড়ো হন নেতাকর্মীরা


রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মঙ্গলবার সকাল ৭টার দিকে সাঈদ খোকনকে আটক করে এসআরবি। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে সোপর্দ করা হয়।


তাঁকে আদালতে হাজির করা হবে—এমন খবর পেয়ে দুপুর থেকেই আদালতপাড়ায় জড়ো হতে থাকেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তাঁদের হাতে ঝাড়ু দেখা যায়। এ সময় তাঁরা ‘লীগ ধর, জবাই কর’, ‘লীগ ধর, জেলে ভর’ এবং ‘রশি লাগলে রশি নিয়ে, হাসিনাকে ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁদের নেতৃত্ব দেন কোতোয়ালি থানা ছাত্রদলের নেতা দ্বীন ইসলাম।


বিকেল সাড়ে ৫টার দিকে সাঈদ খোকনকে বহনকারী গাড়িটি আদালত চত্বরে প্রবেশ করে। এ সময় গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরে দ্রুত গাড়িটি সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করে।


প্রায় ২৫ মিনিট পর পুলিশের একটি প্রিজনভ্যানে করে সাঈদ খোকনকে সিএমএম আদালতের হাজতখানা থেকে ঢাকার সিজেএম আদালতের বারান্দায় নেওয়া হয়। এ সময় প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


সন্ধ্যা ৬টার দিকে তাঁকে এজলাসে তোলা হয়। এর প্রায় ছয় মিনিট পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এজলাসে ওঠেন।


**রিমান্ডের পক্ষে রাষ্ট্রপক্ষের যুক্তি**


শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।


তিনি বলেন, ‘আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অবৈধ এমপি। তাঁকে যেন চেনা না যায়, এ জন্য চুল-দাড়ি বড় করে রেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, অর্থপাচার ও হত্যাসহ ৩০টির বেশি মামলা রয়েছে। ঢাকা দক্ষিণের বিভিন্ন নাশকতা, মিছিল ও মিটিংয়ে তিনি নেতৃত্বে ছিলেন।’


প্রসিকিউটর আরও বলেন, ‘এ আসামি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। পুলিশ দীর্ঘদিন তাঁকে খুঁজছিল। মামলার তদন্ত করতে গিয়ে তাঁকে খুঁজে পাওয়া যায়। ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি।’


**রিমান্ড বাতিল ও জামিনের আবেদন আসামিপক্ষের**


এদিন সাঈদ খোকনের পক্ষে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।


তিনি বলেন, ‘এ আসামি একজন নির্বাচিত সাবেক মেয়র। ঘটনার ২২ দিন পর মামলা। এখানে মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। রিমান্ড আবেদনটা দেখবেন, রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি না? যৌক্তিকতা নেই। জামিন চাই না, তাঁকে কাস্টডিতে নিয়ে যান। রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করছি।’


মামলার যৌক্তিকতা নিয়ে আসামিপক্ষের আইনজীবীর বক্তব্যের জবাবে প্রসিকিউটর ওমর ফারুক বলেন, ‘তখন মামলা করার পরিস্থিতি ছিল না। ফ্যাসিস্ট হাসিনার পুলিশরা থানা থেকে চলে গিয়েছিল।’


এ সময় সাঈদ খোকন কথা বলার জন্য হাত তোলেন এবং ‘মাই লর্ড, কথা বলতে চাই’ বলে আবেদন জানান। তবে তাঁকে কথা বলার অনুমতি দেওয়া হয়নি।


পরে আদালত সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।