বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন

favicon
ভোরের আলো ডেস্ক:
সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। অন্যদিকে, বর্তমান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য মো. হেমায়েত উদ্দিনকে কুমিল্লার জেলা ও দায়রা জজের পদ থেকে বদলি করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে পদায়ন করা হয়েছে। তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের নির্ধারিত তারিখে তিনি বর্তমান প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজের কাছে দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।


জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


অন্যদিকে, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা পৃথক প্রজ্ঞাপনে মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।


মন্ত্রণালয়ের উপসচিব মাসুম বিল্লার সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই এ আদেশ জারি করা হয়।