শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › জুলাই হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানার এনামুল হককে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম জ্যোতিকাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে।


মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময় তাদের ওপর গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।


এ ঘটনায় এনামুল হক ঢাকার আদালতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করেন।


ওই মামলায় জ্যোতিকা জ্যোতি ২১৬ নম্বর এজাহারনামীয় আসামি। মামলায় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খান ও জ্যোতিকা জ্যোতিসহ ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে।


অভিযোগে এসব অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার কথা উল্লেখ করা হয়েছে।


এ মামলায় অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।