শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › মাদরাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

মাদরাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

favicon
ভোরের আলো ডেস্ক:
মাদরাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় মাদরাসাছাত্র সাদেকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১২ নম্বর বিচারক রিপন হোসেন এ আদেশ দেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, নুরুল ইসলাম নাহিদ আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চললেও ছদ্মবেশে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন তিনি। বুধবার রাতে উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে তাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়।


২০২৪ সালের জুলাই আন্দোলনে ১৯ জুলাই উত্তরায় মাদরাসাছাত্র সাদেকুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও হামলাসহ ১৪টি মামলা রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।


এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।


পুলিশের আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছিলেন নুরুল ইসলাম নাহিদ। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে তিনি নিজের কর্মীবাহিনী নিয়োজিত করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।


আবেদনে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ মামলার ঘটনা ও পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।


উল্লেখ্য, বুধবার রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।