রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › ফরিদপুরে ৪ বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ৪ বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
ফরিদপুরে ৪ বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল (২৮) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।


রোববার (২২ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার চার বছরের শিশুটি ঘটনার দিন ঘরে ছিল। তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ২০২৪ সালের ১ অক্টোবর প্রতিবেশী আশরাফুল উকিল শিশুটির ঘরে ঢুকে তাকে যৌন নিপীড়ন করেন। শিশুটির চিৎকার শুনে মা ছুটে এলে আশরাফুল পালিয়ে যান।


পরদিন শিশুটির মা বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেন। ২০২৫ সালের ১৭ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।


সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।


রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।