টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে
শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে রাজধানীর নিউ মার্কেট থানার সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন।
তিনি জানান, টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। এ ছাড়া শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে।
এর আগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার সময় তাকে আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশ জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়।
উল্লেখ্য, সুইডেন আসলামের বিরুদ্ধে ৯টি হত্যাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্তি পান মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই সন্ত্রাসী।
সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে গত প্রায় এক মাস ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। দেশত্যাগ ঠেকাতে তার পাসপোর্টও ব্লক করা হয়।
১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডসহ নব্বইয়ের দশকের একাধিক আলোচিত হত্যার ঘটনায় তার নাম উঠে আসে। ওই সময় কিছুদিন সুইডেনে অবস্থান করেছিলেন তিনি। পরে দেশে ফেরার পর তার পরিচিতি হয় সুইডেন আসলাম নামে।